স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পাইলটিং স্কিম চালুর মাধ্যমে রোগীদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।
শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পাইলটিং স্কিমের আওতায় আমাদের স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন। প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হবে। এভাবে দেশব্যাপী স্বাস্থ্যসেবা আরও সহজ ও জনগণমুখী করার পরিকল্পনা রয়েছে।”
তিনি বলেন, “বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার ব্যতিক্রমধর্মীভাবে দেশ পরিচালনা করছে। আমরা দল-মত নির্বিশেষে সকল মানুষের সেবা নিশ্চিত করতে চাই। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো—দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।”
চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এসব হাসপাতালে নারী ও শিশুদের চিকিৎসাসেবার জন্য বিশেষ সুবিধা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।