নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমিয়ে তাদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে দেশের উন্নয়ন ও শিল্পায়নে কাজে লাগানোর উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে।
শনিবার রাজধানীর আইইবি ভবনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত “আইইবি জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সরকার কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং উদ্ভাবনবান্ধব কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা মেধা, প্রজ্ঞা ও পেশাগত দক্ষতায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তবে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের পর অনেক প্রকৌশলী বিদেশে স্থায়ী হয়ে যাওয়ায় দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
তিনি বলেন, দেশের উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির স্বার্থে মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখা প্রয়োজন। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের ভেতরে থেকেই নতুন প্রযুক্তি উদ্ভাবন, শিল্পায়ন এবং কৃষির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। সরকার এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রকৌশলীরা তাদের মেধা ও সৃজনশীলতা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের করের টাকায় পরিচালিত প্রকল্পগুলো পরিকল্পনা ও বাস্তবায়নে সর্বোচ্চ দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্প ব্যয় যৌক্তিক ও সাশ্রয়ী রাখার বিষয়েও বিশেষ নজর দিতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে দেশের প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভূমিকম্প সহনশীল ও নিরাপদ ভবন নির্মাণে তাদের ভূমিকা প্রশংসনীয়।
আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মো. সাব্বির মোস্তফা খান, জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুঁইয়া এবং কো-আহ্বায়ক প্রকৌশলী সাবির আহমেদ ওসমানী।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন ও অভিজ্ঞ প্রকৌশলী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আইইবি জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬ তরুণ প্রকৌশলীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ সৃষ্টি করেছে। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের প্রকৌশল খাতের উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা আরও জোরদার করবে।