প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম।
শনিবার অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন একটি ইতিবাচক উদ্যোগ। সরকার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতকে আধুনিক, পরিমার্জিত ও সময়োপযোগী করতে কাজ করছে।
তিনি জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমেও এসব ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এর ফলে মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
বাণীতে তিনি আরও উল্লেখ করেন, সরকার ইতোমধ্যে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালা অনুযায়ী দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৯৯ লাখ ৪৮ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এর মধ্যে বালক ৪৬ লাখ ৯১ হাজার ৯৯৬ জন এবং বালিকা ৫২ লাখ ৫৬ হাজার ৯৬০ জন।
তিনি জানান, এ বছর সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীর সংখ্যা ও পরিসরের বিবেচনায় এই আয়োজন বিশ্বের বৃহত্তম ফুটবল টুর্নামেন্টগুলোর অন্যতম হিসেবে বিবেচিত।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও মননশীল বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ছেলে-মেয়েরা, বিশেষ করে ফুটবলে, উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।
তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই আগামী দিনের উজ্জ্বল মুখ হয়ে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিত করবে।
তিনি ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।