ঢাকা, ৩০ জুন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশের গণমাধ্যমে তা সরাসরি প্রচার করা উচিত নয়।
মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দেওয়া শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, কিছু গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করছে না, যা বাস্তবতা। তিনি জানান, তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, যাতে তারা আদালতের নির্দেশনা মেনে এ ধরনের প্রচার থেকে বিরত থাকে। প্রয়োজন হলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার আপাতত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার অবস্থানে নেই। তবে গণমাধ্যমের উচিত বিদ্যমান আইন এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা। পরিস্থিতির প্রয়োজন হলে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
তিনি আরও বলেন, বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হলে বিভিন্ন মাধ্যমে মানুষ তা জানতে পারে। তবে দেশের ভেতরে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় দেশীয় গণমাধ্যমে সেই বক্তব্য প্রচার করা সমীচীন নয় বলেই সরকারের অবস্থান।