দেশের উত্তরাঞ্চলে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে আগামী ২ থেকে ৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (১১ জুলাই) রাজধানীর আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, কয়েক দিনের টানা বৃষ্টির পর চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বর্তমানে জারি থাকা সতর্কতা সংকেত শিগগিরই প্রত্যাহার করা হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আমবাগানে সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া যশোরে ৮৯ মিমি, বান্দরবানে ৮০ মিমি, রাঙামাটিতে ৭৭ মিমি, সিলেটে ৬৫ মিমি, রাজশাহীতে ৬২ মিমি, সাতক্ষীরায় ৬১ মিমি, হাতিয়ায় ৫৫ মিমি, ঢাকায় ৪৬ মিমি, আরিচায় ৪২ মিমি, সৈয়দপুরে ৩৭ মিমি, ভোলায় ৩৪ মিমি এবং চট্টগ্রামে ২৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি কমেছে, তবে গোমতী নদীর পানি বেড়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি ধীরগতিতে কমতে পারে। ফলে এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।