নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ (ইমার্জেন্সি) এবং অন্যান্য সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাইসেন্স পুনর্বহালের মাধ্যমে হাসপাতালটি আবারও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারবে।
লাইসেন্স ফিরে পাওয়ায় সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকটিভিস্ট, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।
এ ছাড়া, বিভিন্ন সময়ে হাসপাতালটির পক্ষে সমর্থন ও সহযোগিতা জানানো ব্যক্তিদের প্রতিও ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের অভিযোগের পর হাসপাতালটির লাইসেন্স স্থগিত থাকায় গত ৪৫ দিন চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্তের পর পুনরায় লাইসেন্স কার্যকর হওয়ায় হাসপাতালটি আবারও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দিতে পারবে।