নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জুলাই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া শহিদদের পরিবারের আজীবন রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাকে বর্তমান সরকারের “সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব” বলে ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন বা স্থায়ীভাবে আহত হয়েছেন, তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্র কোনোভাবেই ব্যর্থ হতে পারে না।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে, তাদের পরিবারের রক্ষণাবেক্ষণ করা। যারা আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন কিংবা অঙ্গ হারিয়েছেন, তাদের সুস্থ করে তোলা এবং পুনর্বাসন নিশ্চিত করা সরকারের সবচেয়ে পবিত্র দায়িত্ব।”
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য জাতির আত্মত্যাগের প্রতীক। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং রাষ্ট্র পুনর্গঠনের নতুন সুযোগ সৃষ্টি হয়।
শহিদদের স্মরণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, সজল, রাব্বি, মেরাজ, এলেম, তাইম, নাইমা, শিশু রিয়া গোপ, আহাদসহ সব শহিদের আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে। তাদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, রাষ্ট্রকে অবশ্যই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে দৃশ্যমানভাবে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে এক দৃষ্টিশক্তিহীন জুলাই যোদ্ধাকে তার মায়ের সঙ্গে উপস্থিত থাকতে দেখে আবেগাপ্লুত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “যদি তাদের সামান্য প্রাপ্য পাওয়ার জন্যও মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরতে হয়, তবে সেটি হবে জাতির জন্য লজ্জার।”
তিনি জুলাই যোদ্ধাদের উদ্দেশে বলেন, “আপনারা মন খারাপ করবেন না। এই সরকারের কাছ থেকে অবশ্যই সম্মান পাবেন। আমাদের যতটুকু সাধ্য আছে, সবকিছু উজাড় করে আপনাদের কল্যাণে ব্যয় করব।”
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র পুনর্গঠনের এই সময়ে মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন, বিদ্বেষ কিংবা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ যেন দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “আসুন, শহিদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি।”
নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান—উভয়ের লক্ষ্যই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করা। বাংলাদেশের মর্যাদা, গণতন্ত্র ও সুশাসন রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা অনুষ্ঠানে অংশ নেন।