নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এসব তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য, বর্তমানে নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অপপ্রচারকারীদের অনৈতিক তদবিরে সাড়া না দেওয়াকে কেন্দ্র করে একটি অসন্তুষ্ট মহল মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে সম্পৃক্ততার অভিযোগ, সরকারি দপ্তরে অনৈতিক তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির বিষয়ে তথ্য ও প্রমাণ পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা পোস্ট দেখার পর তা যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনসাধারণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।