নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আজ জাতীয় সংসদ ভবনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ সচিবালয়ে বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ সচিবালয় সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ আগস্ট।
পরবর্তীতে ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে। সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।