নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউমার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও স্থানীয় যুবদল নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউমার্কেট থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চলের অনুসারীরা কয়েকটি দোকান বসিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী সেখানে গিয়ে দোকানগুলো তুলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়।
ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রাথমিক বিরোধের কিছুক্ষণ পর কে এম চঞ্চলের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কে এম চঞ্চল। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তাঁর ভাষ্য, ফুটপাতে যুবদলের কিছু কর্মী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। ঢাকা কলেজ ছাত্রদলের পরিচয় দিয়ে কিছু বহিরাগত সেখানে গিয়ে তাঁদের মারধর করে এবং পরে তাঁর রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
সংঘর্ষের খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী নিউমার্কেটের প্রিয়াঙ্গন মার্কেটসংলগ্ন বসুন্ধরা গলিতে কে এম চঞ্চলের রাজনৈতিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।
এ সময় দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তা বড় ধরনের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক হাসান ফরাজি বলেন, সংঘর্ষে সংগঠনের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন শিকদার, সদস্য সাগর খান ও সায়মন ইসলামসহ অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তবে সংঘর্ষের প্রকৃত কারণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলতে পারেননি।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, ফুটপাতে দোকান বসানো ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।
ওসি জানান, কোনো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই নিউমার্কেট ও নীলক্ষেত এলাকার ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়দের দাবি।
এর আগে কয়েক দফায় দোকান বসানো ও উচ্ছেদকে কেন্দ্র করে ছোটখাটো হাতাহাতির ঘটনা ঘটলেও মঙ্গলবারের ঘটনা বড় ধরনের সংঘাতে রূপ নেয়।
এ ঘটনার পর ঢাকা কলেজ ছাত্রদল ও স্থানীয় যুবদলের ঊর্ধ্বতন নেতাদের বিষয়টি জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিস্থিতি যাতে ফের উত্তপ্ত না হয়, সে জন্য এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।