স্থানীয়দের প্রত্যাশা, এসব দাবি পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা গেলে কিশোরগঞ্জকে একটি সমৃদ্ধ, আধুনিক ও সম্ভাবনাময় জেলায় পরিণত করা সম্ভব।
জেলার সদর উপজেলার মানুষের প্রধান দাবির মধ্যে রয়েছে কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নরসুন্দা নদী পুনঃখনন ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান, ঢাকা–কিশোরগঞ্জ রেলপথে ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও দ্রুতগতির ট্রেন চালু, আধুনিক স্মার্ট সিটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
ভৈরববাসীর দাবির মধ্যে রয়েছে ভৈরবকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা, ভৈরব–কিশোরগঞ্জ চার লেন সড়ক নির্মাণ, ভৈরব রেলওয়ে জংশনের আধুনিকায়ন, মেঘনা নদীবন্দর উন্নয়ন এবং যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ।
কুলিয়ারচরের মানুষ নতুন শিল্পাঞ্চল ও শিল্পপার্ক স্থাপন, গ্যাস সংযোগ সম্প্রসারণ, কুলিয়ারচর–ভৈরব–কিশোরগঞ্জ সড়ক উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন এবং মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
এছাড়া ঘোড়াউত্রা নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। স্থানীয়দের মতে, একটি স্থায়ী সেতু নির্মিত হলে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে এবং কৃষিপণ্য দ্রুত বাজারজাত করার সুযোগ তৈরি হবে।
উন্নয়ন ও শিল্পায়নের জন্য বাজিতপুরে গ্যাস সংযোগ প্রদান এবং শিল্পাঞ্চল প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়ভাবে শিল্পকারখানা গড়ে উঠলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা তাদের।
বাজিতপুরের বিমানবন্দরকে ব্যবহার উপযোগী করার দাবিও রয়েছে। স্থানীয়দের মতে, বিমানবন্দরটি কার্যকরভাবে ব্যবহার করা গেলে যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যদিকে সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক হাসপাতালে উন্নীত করার দাবি জানানো হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসক ও জনবল এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
বাজিতপুরবাসীর প্রত্যাশা, এসব জনদাবিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পরিকল্পিতভাবে যোগাযোগ, শিল্প, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন করা গেলে বাজিতপুরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
কটিয়াদীবাসী কটিয়াদী–কিশোরগঞ্জ সড়ক প্রশস্তকরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, রেলস্টেশনের আধুনিকায়ন, কৃষিপণ্যের জন্য কোল্ড স্টোরেজ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবি জানিয়েছেন।
করিমগঞ্জে সড়ক উন্নয়ন, হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধ স্থায়ী করা, স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, নদী-খাল পুনঃখনন এবং কৃষি ও মৎস্যভিত্তিক শিল্প স্থাপনের দাবি উঠেছে। তাড়াইলের মানুষও সড়ক উন্নয়ন, স্থায়ী ফসল রক্ষা বাঁধ, স্বাস্থ্যসেবা আধুনিকায়ন, নদী-খাল পুনঃখনন ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি জানিয়েছেন।
পাকুন্দিয়ায় সড়ক উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্পাঞ্চল, স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং কৃষিপণ্যের কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি রয়েছে। হোসেনপুরের দাবির মধ্যে রয়েছে কিশোরগঞ্জ–হোসেনপুর সড়ক উন্নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, কৃষিপণ্য সংরক্ষণাগার, কৃষিভিত্তিক শিল্প এবং গ্রামীণ সড়ক ও সেতুর উন্নয়ন।
হাওরাঞ্চলের উপজেলা ইটনায় অল-ওয়েদার সড়কের আরও উন্নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, স্থায়ী ফসল রক্ষা বাঁধ, নিরাপদ নৌ-যোগাযোগ এবং হাওর উন্নয়ন মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি রয়েছে।
মিঠামইনবাসী মিঠামইন–অষ্টগ্রাম–ইটনা সড়ক উন্নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, হাওরভিত্তিক আন্তর্জাতিক পর্যটন উন্নয়ন, মাছ প্রক্রিয়াজাতকরণ ও কোল্ড স্টোরেজ এবং স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ চান।
অষ্টগ্রামের মানুষের দাবির মধ্যে রয়েছে অষ্টগ্রাম–বাজিতপুর সড়ক উন্নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, হাওরের ফসল রক্ষা বাঁধ স্থায়ী করা, নিরাপদ নৌ-যোগাযোগ ও আধুনিক নৌঘাট এবং হাওর পর্যটন উন্নয়ন প্রকল্প।
অন্যদিকে নিকলী হাওরকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে উন্নীত করা, নিকলী–কিশোরগঞ্জ সড়ক উন্নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, ফসল রক্ষা বাঁধ স্থায়ী করা এবং মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাড়াইল উপজেলার সার্বিক উন্নয়নে পাঁচ দফা দাবি জানিয়েছেন স্থানীয়রা। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, হাওরের ফসল রক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নদী-খাল পুনঃখনন এবং কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণকে সবচেয়ে জরুরি দাবি হিসেবে দেখছেন তারা। তাড়াইলবাসীর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে তাড়াইল–কিশোরগঞ্জ সড়কের উন্নয়ন। হাওরাঞ্চলের কৃষকদের জন্য স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ আরেকটি গুরুত্বপূর্ণ দাবি। তাড়াইলের বিভিন্ন নদী ও খাল পুনঃখনন করাও জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।
হোসেনপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে পাঁচ দফা দাবি জানিয়েছেন স্থানীয়রা। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, কৃষিপণ্য সংরক্ষণ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার দাবি তাদের।
হোসেনপুরবাসীর অন্যতম প্রধান দাবি হোসেনপুর–কিশোরগঞ্জ সড়কের উন্নয়ন। উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবিও রয়েছে।
কৃষিপ্রধান হোসেনপুরে কৃষিপণ্য সংরক্ষণাগার নির্মাণ করার দাবিও দীর্ঘদিনের।
এছাড়া কৃষিভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছেন এলাকাবাসী। হোসেনপুরের প্রত্যন্ত এলাকার মানুষের দুর্ভোগ কমাতে গ্রামীণ সড়ক ও সেতুর উন্নয়ন করার দাবিও রয়েছে।
হোসেনপুরবাসীর প্রত্যাশা, উপজেলার এসব গুরুত্বপূর্ণ দাবি অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের মতে, কিশোরগঞ্জের ভৌগোলিক ও অর্থনৈতিক বৈচিত্র্যকে কাজে লাগিয়ে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি। বিশেষ করে হাওরাঞ্চলের কৃষি ও মৎস্যসম্পদ, ভৈরবের নদীবন্দর ও বাণিজ্যিক সম্ভাবনা, বিভিন্ন উপজেলার কৃষিভিত্তিক অর্থনীতি এবং জেলার পর্যটন সম্ভাবনাকে একই উন্নয়ন কাঠামোর আওতায় আনা গেলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
তাদের প্রত্যাশা, কিশোরগঞ্জের ১৩ উপজেলার মানুষের এসব জনদাবিকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, শিল্প, পর্যটন ও কর্মসংস্থানে কিশোরগঞ্জ দেশের অন্যতম অগ্রসর জেলায় পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করবে।