• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
মিরাজসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করার দাবি নাহিদ ইসলামের আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বক্তাদের অংশগ্রহণে দিল্লির আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দেয়নি পুলিশ অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে: মন্ত্রী দেশে ১,৪৯৮ পর্যটন কেন্দ্র চিহ্নিত, চলছে মাস্টার প্ল্যান: পর্যটনমন্ত্রী জাতীয় সংসদে চারটি স্থায়ী কমিটি পুনর্গঠন ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায়: বাণিজ্যমন্ত্রী মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী আব্দুস সালামের মতো স্বাধীনচেতা সাংবাদিক আজ বিশ্বজুড়ে প্রয়োজন: রিজভী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের ঝুঁকি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সত্যের আরাধনা ও পেশাদারিত্বে বাসসকে বিশ্বমানের সংবাদ সংস্থায় রূপান্তরের অঙ্গীকার

একুশে সংবাদ ডেস্ক / ১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
রোববার বাসসের প্রধান কার্যালয়ে সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বক্তব্য দেন নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি

 

নিজস্ব প্রতিবেদক

সত্যের আরাধনা, বস্তুনিষ্ঠতা ও সর্বোচ্চ পেশাদারিত্বকে সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করে জাতীয় বার্তা সংস্থা বাসসকে বিশ্বমানের সংবাদ সংস্থায় রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর দুপুরে বাসস কার্যালয়ে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

কাদের গনি চৌধুরী বলেন, বাসসে অত্যন্ত মেধাবী ও দক্ষ একটি টিম রয়েছে। সত্য, সততা ও পেশাদারিত্বকে ভিত্তি করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাসস শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করতে সক্ষম হবে।

তিনি বলেন, “সাংবাদিকতা হলো সত্যের আরাধনা—সাদাকে সাদা এবং কালোকে কালো বলা। আমাদের দায়বদ্ধতা রাষ্ট্র ও এ দেশের সাধারণ জনগণের প্রতি।”

কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদক বলেন, তিনি নিজেকে শুধু এমডি বা প্রধান সম্পাদক হিসেবে নয়, বাসস পরিবারের একজন সহকর্মী হিসেবেই দেখতে চান। মাঠের সংবাদকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাসসে ব্যক্তিপূজা কিংবা ক্ষমতার দাপটের কোনো স্থান থাকবে না।

তিনি আরও বলেন, নানা রঙের ফুল দিয়ে যেমন একটি সুন্দর মালা গাঁথা হয়, তেমনি সবাইকে সঙ্গে নিয়ে একটি পেশাদার, ঐক্যবদ্ধ ও প্রাণবন্ত বাসস পরিবার গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, বাসস একসময় অত্যন্ত প্রাণবন্ত ও প্রভাবশালী প্রতিষ্ঠান ছিল। আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ভিভিআইপি এবং দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার ও মানসম্মত প্রতিবেদন বাসস থেকে প্রকাশিত হয়ে দেশের জাতীয় সংবাদপত্রগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হতো। সেই গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, একজন অভিজ্ঞ সাংবাদিক নেতা ও দক্ষ সংগঠককে বাসসের শীর্ষ পদে পাওয়া প্রতিষ্ঠানটির জন্য বড় সুযোগ। “আমাদের মূল পরিচয় আমরা সাংবাদিক”—বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে রোববার সকাল ১০টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা-এর কাছে আনুষ্ঠানিক যোগদানপত্র জমা দেন কাদের গনি চৌধুরী।

দুপুর ১২টায় বাসস কার্যালয়ে পৌঁছালে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাসস এমপ্লয়িজ ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাসস ইউনিট এবং ডিইউজের কেন্দ্রীয় নেতৃবৃন্দও তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, ডিইউজের বাসস ইউনিট চিফ ও যুগ্ম সম্পাদক দিদারুল আলম এবং ডেপুটি ইউনিট চিফ জিএম রাজিব হোসেন বক্তব্য দেন।

বাসসের সিটি এডিটর মুরসালিন নোমানী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বাসসের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category