নিজস্ব প্রতিবেদক:
দেশের আধুনিক ও পরিবেশবান্ধব ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে ঢাকার মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে ২৫ শয্যার গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ, ট্রান্সপ্লান্ট আইসিইউ এবং সার্জিক্যাল এইচডিইউ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এসব বিশেষায়িত চিকিৎসাসুবিধার উদ্বোধন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেশের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রিন’ গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্লান্ট আইসিইউ।
জটিল গ্যাস্ট্রো-লিভার রোগ ও বড় ধরনের অস্ত্রোপচারের রোগীদের জন্য চালু করা হয়েছে ১৪ শয্যার অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ। প্রতিটি রোগীর জন্য রয়েছে পৃথক কেবিন। ফলে সংক্রমণের ঝুঁকি কমানোর পাশাপাশি চিকিৎসক ও নার্সিং টিম রোগীদের আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা দিতে পারবেন।
লিভার প্রতিস্থাপন ও প্রতিস্থাপন-পরবর্তী রোগীদের জন্য চালু করা হয়েছে ছয় শয্যার স্বতন্ত্র ট্রান্সপ্লান্ট আইসিইউ। প্রতিটি কেবিনে রয়েছে নিজস্ব শৌচাগার, স্বতন্ত্র এইচইপিএ ফিল্টার এবং নিয়ন্ত্রিত বায়ু পরিশোধন ব্যবস্থা। এতে সংক্রমণের ঝুঁকি কমিয়ে রোগীদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গ্রিন আইসিইউ ব্যবস্থায় উন্নত বায়ু নিয়ন্ত্রণের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবিলাতেও পৃথক ও নিয়ন্ত্রিত আইসিইউ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া পাঁচ শয্যার সার্জিক্যাল এইচডিইউ চালু করা হয়েছে। তুলনামূলক কম মাত্রায় আইসিইউ নির্ভর রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে এ ইউনিটে।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দুর্ঘটনা, জরুরি সেবা ও সার্জিক্যাল আইসিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আশরাফুল হক বলেন, বিশেষায়িত আইসিইউ চালুর মাধ্যমে বাংলাদেশের ক্রিটিক্যাল কেয়ারের সক্ষমতা আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। অত্যাধুনিক অবকাঠামো, নিয়ন্ত্রিত পরিবেশ ও উন্নত সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থার সমন্বয়ে ট্রান্সপ্লান্ট, গ্যাস্ট্রো-লিভার ও জটিল সার্জারির রোগীদের সমন্বিত ক্রিটিক্যাল কেয়ার নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন বলেন, অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার ও ট্রান্সপ্লান্ট আইসিইউয়ের মাধ্যমে দেশে জটিল রোগের চিকিৎসাকে আরও উন্নত পর্যায়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। দেশের মানুষ যাতে জটিল চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ ও আস্থা পান, সেটিই তাদের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা, অ্যাডভাইজার আখতার মাহমুদ রানা, ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ, হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদসহ ইউনাইটেড গ্রুপ ও ইউনাইটেড হেলথকেয়ারের শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে রোবোটিক সার্জারি চালুর পর রোগীদের আধুনিক ও বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়ার অঙ্গীকারের অংশ হিসেবে নতুন এই বিশেষায়িত চিকিৎসাসুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।