গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা
এস এম সাজ্জাদ হোসেন ,
/ ১১
Time View
Update :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Share
গোপালগঞ্জ:
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভুঁইয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে তার ওপর এ বর্বরোচিত হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুপুরে তিনি মারা যান।
নিহত জোবায়ের ভুঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভুঁইয়ার ছেলে। তিনি সরকারি হাজী লালমিয়া সিটি কলেজের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকায় টিউশনি শেষ করে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে পূর্ব কথা কাটাকাটির জের ধরে ওই গ্রামের শহিদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭–৮ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এ নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুখুরিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পরপরই দুই পক্ষের লোকজন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলছে।
এদিকে জোবায়েরের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। নির্মম এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।