স্টাফ রিপোর্টার
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ফলাফল পত্রিকার গৌরবময় ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে রাজধানীর হোটেল ৭১-এ বিশেষ প্রস্তুতি ও উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান সম্মিলিত প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব নির্বাচিত হওয়ায় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক ফলাফলের প্রকাশক ও সম্পাদক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। সভায় পত্রিকার তিন দশকের পথচলা, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন, অতিথি আমন্ত্রণ, প্রচার-প্রচারণা এবং সাংগঠনিক প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩১ অক্টোবর ২০২৬ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দৈনিক ফলাফলের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করা হবে। এ উপলক্ষে পূর্ণাঙ্গ উদযাপন কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন, অতিথি আমন্ত্রণ, অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং প্রচার কার্যক্রম নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে লায়ন শেখ মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “দৈনিক ফলাফল দীর্ঘ তিন দশক ধরে পাঠকের আস্থা ও ভালোবাসা নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে। এই দীর্ঘ পথচলায় সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও ভালোবাসা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে।”
তিনি আরও বলেন, “৩০ বছর পূর্তি আমাদের জন্য শুধু আনন্দের নয়, দায়িত্বেরও বিষয়। আগামী দিনে আরও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও গণমুখী সাংবাদিকতার মাধ্যমে দৈনিক ফলাফলকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করে যাব।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, গণতন্ত্র ও সমাজের স্বার্থে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করে সঠিক তথ্য, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকতার মানোন্নয়নে পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। সাংবাদিকরা সমাজের অনিয়ম, অসংগতি ও মানুষের অধিকারবঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন। তাই তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে আওরঙ্গজেব কামাল বলেন, ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গণমাধ্যমের পরিবেশকে আরও শক্তিশালী করতে পারে।
সভায় বক্তারা দৈনিক ফলাফলের তিন দশকের পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে একটি সংবাদপত্রের ধারাবাহিক প্রকাশনা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। আগামী দিনেও পত্রিকাটি আরও পাঠকবান্ধব, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভায় আগামী ৩১ অক্টোবরের অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানকে স্মরণীয় ও বর্ণাঢ্য করতে বিভিন্ন উপকমিটির মাধ্যমে প্রস্তুতি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
সম্মিলিত প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সাংবাদিকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত স্বার্থ রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দৈনিক ফলাফলের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় ও বর্ণাঢ্য আয়োজনে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক ফলাফলের উপদেষ্টা মো. হারুনুর রশিদ দুলাল, উপদেষ্টা প্রফেসর এম. আর. খান, নির্বাহী সম্পাদক মোরশেদ আলম প্রিন্স, উপ-সম্পাদক শাহবাজ জামান, বিশেষ প্রতিনিধি মো. রায়হান, মো. নাঈমসহ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভা শেষে প্রধান অতিথির হাতে দৈনিক ফলাফল পত্রিকার বিশেষ প্রকাশনা তুলে দেওয়া হয়।