পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব
সংসদ প্রতিবেদক:
আগামী ১৯ নভেম্বর গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে তথ্য পাওয়ার দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের জীবন ও সম্পদ এবং রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনার সময় গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি এবং দেশের প্রধান রপ্তানি খাতের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন শফিকুর রহমান।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, কয়েক দিন ধরে গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি অংশকে আত্মরক্ষার্থে পিছু হটতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমান অভিযোগ করেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকারের দৃশ্যমান তৎপরতা খুব বেশি চোখে পড়ছে না। এ পর্যন্ত জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার কথা জানা গেছে। এর বাইরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় গোপালগঞ্জের অস্থিরতার প্রভাব আশপাশের জেলাগুলোর যোগাযোগব্যবস্থা ও জনজীবনেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ১৯ নভেম্বর কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় কোথায় অগ্নিসংযোগ ঘটানো হবে, সে সম্পর্কেও তাদের কাছে তথ্য রয়েছে। এ তথ্য সরকারের কাছে না থাকলে তা ভালো বলেও মন্তব্য করেন তিনি। সম্ভাব্য নাশকতা ঠেকাতে এবং নিরীহ মানুষের জীবন, সম্পদ, সম্ভ্রম ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে সংসদ ও দেশবাসীকে আশ্বস্ত করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে নিজেকে ক্ষুদ্র চিকিৎসক হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘বিষফোড়া ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসা করা প্রয়োজন। এর পুঁজ রক্তে মিশে গেলে তা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। গোপালগঞ্জের পরিস্থিতিও অন্য এলাকায় ছড়িয়ে পড়ার আগেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
পোশাকশিল্প রক্ষায় জাতীয় টাস্কফোর্স ও প্রণোদনার প্রস্তাব সংসদে তৈরি পোশাকশিল্পের সংকট নিয়েও বিস্তারিত আলোচনা করেন জামায়াতের আমির। তিনি উল্লেখ করেন, বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় করা এই খাতটি দেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ। শিল্পমালিকেরা ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব ব্যাংকিং খাতসহ সামগ্রিক অর্থনীতিতে পড়বে এবং উৎপাদন বন্ধ হয়ে গেলে লে-অফ, বিশৃঙ্খলা ও অগ্নিসংযোগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।
এই সংকট মোকাবিলায় সরকার এককভাবে সমাধানে পৌঁছাতে না পারলে পোশাকশিল্পের মালিক, শ্রমিক ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের প্রস্তাব দেন শফিকুর রহমান। তিনি বলেন, এর মাধ্যমে মালিক ও শ্রমিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি যৌথ উদ্যোগের বার্তা দেওয়া সম্ভব হবে।
এ ছাড়া প্রতিবেশী দেশগুলোর উদাহরণ টেনে পোশাকশ্রমিকদের সরাসরি সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি। মালিক ও শ্রমিক—উভয় পক্ষের স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে শফিকুর রহমান বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে আলোচনা করে সবার কাছে গ্রহণযোগ্য ও যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।