৪১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো।
পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ১৪৬ গোল, যা বিশ্ব রেকর্ড।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তাঁর পারফরম্যান্সে ভাটা পড়েছে। গত মাসে নেশন্স লিগের একটি ম্যাচে তাঁকে খেলাতে অস্বীকৃতি জানানোর পর জাতীয় দলের কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধে জড়ান এই ফরোয়ার্ড।
এরপরই দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। এ ঘটনায় তাঁকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়।
নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার পরিকল্পনা রয়েছে বলে গুঞ্জন থাকলেও বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
নিজের ক্যারিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিওর সঙ্গে রোনালদো বলেন, “পর্তুগালের মানুষ, জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে।”
তিনি আরও বলেন, “আমি কখনোই মনে করিনি জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার, রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে নিজের সঙ্গে বহন করার সুযোগ ও দায়িত্ব আমার ছিল।”
রোনালদো বলেন, “এখন সময় এসেছে ভবিষ্যৎ প্রজন্মের হাতে এটি তুলে দেওয়ার। সিদ্ধান্তটি সহজ ছিল না। কারণ, কিছু সিদ্ধান্দ শুধু মাথা দিয়ে নেওয়া হয় না, হৃদয় দিয়েও নিতে হয়।”
তিনি আরও বলেন, “২০০৩ সালের আগস্টে শুরু হওয়া যে যাত্রা আমার জীবন চিরতরে বদলে দিয়েছিল, আজ তার সমাপ্তি ঘটল।”
আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে ২০১৬ সালে ফ্রান্সে পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন রোনালদো। যদিও চোটের কারণে ফাইনালের মাঝপথেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।
এ বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনটি গোল করেন তিনি। স্পেনের কাছে শেষ ষোলোতে হেরে বিদায় নেয় পর্তুগাল।