• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ফিফা বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি 

খেলাধুলা ডেস্ক / ১২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা-সংক্রান্ত ‘গুরুত্বপূর্ণ নথি’ ফিফার সদস্যদের দেখার সুযোগ দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে ফিফার ঘনিষ্ঠ একটি সূত্র।

সূত্রটি জানায়, “ফিফা তাদের পরিষদের সদস্যদের, যাঁদের মধ্যে সব সহসভাপতিও রয়েছেন, জানিয়েছে যে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিগুলো তাঁরা দেখতে পারবেন।” ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত এফএফই পরিকল্পনার বিষয়ে এ কথা বলা হয়েছে।

ইনফান্তিনাসহ আটজন সহ-সভাপতিকে নিয়ে গঠিত ফিফা কাউন্সিলের মোট ৩৭ সদস্যকে সোমবার এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, নথিগুলো ‘সশরীরে এবং নির্দিষ্ট শর্তে’ দেখতে চাইলে আগামী দুই সপ্তাহের মধ্যে সদস্যদের আবেদন করতে হবে।

সূত্রটি আরও জানায়, সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে নথিগুলো পর্যালোচনা করা যাবে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার দেওয়া এফএফই পরিকল্পনা-সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাব দেওয়ার সময়সীমা ২ নভেম্বর শেষ হওয়ার পরই ফিফার এ উদ্যোগ সামনে এল।

জুলাইয়ের শেষ দিকে প্রকাশ্যে আসা এ পরিকল্পনার বিরোধিতায় নেতৃত্ব দিয়েছে উয়েফা। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিশ্বকাপের মতো ফিফার শীর্ষ প্রতিযোগিতাগুলোতে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার সুযোগ তৈরি হতো।

তীব্র সমালোচনার মুখে ইনফান্তিনো দ্রুতই প্রস্তাবটি প্রত্যাহার করে নেন। তবে সুইজারল্যান্ডে ফিফা সভাপতির বিরুদ্ধে সম্ভাব্য ‘অপরাধমূলক অব্যবস্থাপনার’ অভিযোগ আনার জন্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতের দ্বারস্থ হয়েছে উয়েফা।

১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকের পর উয়েফার মহাসচিব থিওডোর থিওডোরিদিস এফএফই-সংক্রান্ত ৪০টির বেশি প্রশ্ন ও তথ্য চেয়ে গ্রাফস্ট্রমকে একটি চিঠি পাঠান।

এ ছাড়া ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হস্তক্ষেপের পর বিশ্বকাপে দেশটির খেলোয়াড় ফোলারিন বালোগানকে দেখানো লাল কার্ডের শাস্তি স্থগিত করার বিষয়টিও চিঠিতে উত্থাপন করা হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে উয়েফাকে কোনো জবাব দেয়নি ফিফা। সংস্থাটির যুক্তি, এত অল্প সময়ে জবাব দেওয়া ‘বাস্তবসম্মত নয়’।

আগামী মার্চে ফিফা সভাপতি পদে পুন:নির্বাচনে লড়বেন ইনফান্তিনো।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন ঘোষণার শেষ সময় ১৮ নভেম্বর। তবে এখন পর্যন্ত ইনফান্তিনোর বিপক্ষে দাঁড় করানোর মতো গ্রহণযোগ্য কোনো প্রার্থী খুঁজে পায়নি উয়েফা।

২৩ অক্টোবর এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ইনফান্তিনোর পুন:নির্বাচনে সমর্থন ঘোষণা করায় তিনি বড় ধরনের সুবিধা পেয়েছেন।

কনকাকাফের প্রধান ভিক্টর মন্তালিয়ানিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে কানাডীয় এই কর্মকর্তা উত্তর আমেরিকার ফুটবল কনফেডারেশনের প্রধান হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। ফলে ইনফান্তিনোর বিরুদ্ধে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা কম।

টটেনহ্যাম হটস্পার, সেল্টিক ও সুইজারল্যান্ডের সাবেক ডিফেন্ডার রামন ভেগা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে প্রয়োজনীয় সমর্থন তিনি পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category