পূর্বঘোষিত ৪ ডিসেম্বর হচ্ছে না ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। তবে এ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়নি।
আজ বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলেও নতুন তারিখ নির্ধারণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, পুনঃপরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের মতো সমান সুযোগ পাবেন কি না, তা সরকার নির্ধারণ করবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।