গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার পাটগাতী বাজার এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টার দিকে সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে সংসদ সদস্যের পৈতৃক বাড়ির পাশাপাশি থাকা তার চাচাতো ভাই ও প্রতিবেশীর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, এর আগে একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একদল লোক থানা কমপ্লেক্সের ভবন ও সেখানে থাকা একাধিক গাড়িতে আগুন দিচ্ছে।