গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
দেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র প্রতিহত করতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। জনগণ আর কোনো তাঁবেদার শক্তিকে বাংলাদেশে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেবে না।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতের মতো তৈরি পোশাকশিল্পকেও ধ্বংস করে অন্য একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। গত পাঁচ দশকে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এ শিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দেশের মানুষ কখনো কারও বশ্যতা স্বীকার করবে না বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পোশাকশিল্পের অস্থিরতা, শ্রমিকদের মজুরি, আঞ্চলিক উন্নয়ন এবং পলাতক অপশক্তির ষড়যন্ত্র নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। গণতন্ত্র ও সমৃদ্ধি পরস্পরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র সমৃদ্ধির পথ সুগম করে, আর সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করে।
সাম্প্রতিক সময়ে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টাকে পরাজিত ও পলাতক অপশক্তির ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে মানুষকে একটি বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করার পরিস্থিতি তৈরি করা হয়েছিল। একইভাবে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পকে ধ্বংসের চেষ্টা চলছে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক ও মালিকদের দীর্ঘদিনের শ্রম, ত্যাগ ও সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের পোশাকশিল্প আজ আন্তর্জাতিক পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করেছে। এ শিল্পের ক্ষতি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের শ্রমিক ও সাধারণ মানুষ।
পোশাকশ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা বেতন পাবেন বলেও আশ্বাস দেন তিনি।
সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধে আন্তরিক উল্লেখ করে তারেক রহমান বলেন, কোনো উসকানিতে পড়ে কারখানায় ভাঙচুর বা অগ্নিসংযোগ করা যাবে না। কারখানা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের কর্মসংস্থান ও বেতন-ভাতাও হুমকির মুখে পড়বে। তাই নিজেদের কর্মস্থল ও শিল্পপ্রতিষ্ঠান রক্ষায় শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের নির্বাচিত সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংসদে বিরোধী দলের একজন সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত রংপুর অঞ্চলের উন্নয়নে সরকারের প্রচেষ্টা বিরোধী দলের বক্তব্যেও উঠে এসেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, সরকার দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পতিত ফ্যাসিস্ট দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘চোর না শুনে ধর্মের কাহিনী’—প্রবাদটি আবারও প্রমাণিত হয়েছে। এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও দলটির আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং দেশে-বিদেশে তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।
সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা রাজনৈতিক দলের পরিবর্তে একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর পরিচয় দিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ওই দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীদের গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এবং হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এসব বিষয় দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যারা এসব সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থানও স্বাধীনতাপ্রিয় মানুষের কাছে পরিষ্কার। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে এবং ২০২৪ সালে হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। কারও বশ্যতা স্বীকার করার জন্য তারা স্বাধীনতা অর্জন বা রক্ষা করেনি।
পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকানো এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান পুনরায় উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ অধিবেশনের শেষ শপথ হিসেবে স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তাঁবেদার শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।