শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জারি, সংসদে জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের উত্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী সংসদকে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের।
তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। কোনো কোনো দেশ এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মনোযোগী ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও সংসদে তুলে ধরেন শিক্ষামন্ত্রী।