নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি আহত সদস্যদের সাহস জোগানোর পাশাপাশি তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে যান। পরিদর্শনকালে তিনি চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। সাম্প্রতিক সহিংসতায় আহত আটজন পুলিশ সদস্য বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দায়িত্ব পালনে তাঁদের সাহসিকতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ সদস্যদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন।
# স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন আহমদ, রাজারবাগ পুলিশ হাসপাতাল, বাংলাদেশ পুলিশ, আইজিপি, আহত পুলিশ, জাতীয় সংবাদ, একুশে সংবাদ