নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন, সীমান্ত হত্যা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে বিএনপি ও সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৫ জুন) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি স্বাধীন ও জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশের ওপর একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান চাপিয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে জনগণ স্বাধীন পররাষ্ট্রনীতি, ইসলামি মূল্যবোধ এবং জাতীয় সার্বভৌমত্বভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সমালোচনা করে বলেন, কোনো রাজনৈতিক দল যদি অতীতের বিতর্কিত রাজনৈতিক ধারার অনুসরণ করে, তবে জনগণ তা মেনে নেবে না। জনগণ জাতীয় স্বার্থবিরোধী যেকোনো রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে অবস্থান নেবে বলেও তিনি মন্তব্য করেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সীমান্তে পুশইন, হত্যা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আসতে হবে। তিনি সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় তিনি পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মৎস্য ভবন হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ পুশইন রোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।