নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। সব মিলিয়ে এই ১০০ দিনের কর্মসূচির আওতায় আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি মিছিল, সভা, গণসংযোগ এবং পবিত্র রমজানে ইফতার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। দল-মত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের এসব সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনায় জননিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিএনপি সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠপর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন ব্যবধান তৈরি না হয়।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি পাঁচ দফা আহ্বান জানানো হয়। এর মধ্যে রয়েছে—প্রতিটি সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের আইনের আওতায় আনা, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ দেওয়া, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস, বোমাবাজি বা নাগরিকের ওপর হামলার বিরোধিতা করে সেলিম উদ্দিন বলেন, কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায়মুক্তি হতে পারে না।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে সেলিম উদ্দিন অভিযোগ করেন, ভোটারদের প্রায় ৭০ শতাংশ জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার পরও সরকার রাষ্ট্রীয় সংস্কারের কার্যক্রমে আগ্রহ দেখাচ্ছে না এবং সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কর্তৃত্ববাদ প্রদর্শনের চেষ্টা চলছে। তিনি সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো বাস্তবায়ন এবং প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় সংস্কার আনার দাবি জানান।
নগরবাসীর প্রতি কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শান্ত ও সচেতন থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে নাগরিকদের জন্য ঘরে বসে কয়েক ডজন সেবা পাওয়ার একটি ডিজিটাল অ্যাপ তৈরির পরিকল্পনার কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।