গত ০৮/১১/২০২৬ ইং তারিখে দৈনিক ‘একুশে সংবাদ’-এর প্রিন্ট সংস্করণে এবং ০৯/১১/২০২৬ ইং তারিখে অনলাইন পোর্টালে চট্টগ্রাম ডবলমুরিং থানার আগ্রাবাদ বেপারী পাড়া এলাকার জমি সংক্রান্ত বিষয়ে প্রকাশিত “চলাচলের পথ নিয়ে বিরোধ: বাউন্ডারি নির্মাণ ও উচ্ছেদ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ” শীর্ষক সংবাদটি আমার ও আমার প্রতিষ্ঠানের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমাদের বিরুদ্ধে যে তথ্য দেওয়া হয়েছে, বিষয় টি ভিত্তিহীন। জমির প্রকৃত মালিক ইঞ্জিনিয়ার এ.বি. সিদ্দিকী’র প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত সত্য হলো—বিজ্ঞ আদালতে দায়েরকৃত মিস মামলা নং ১৩৭৩/২০২৬ ও ১৪৩২/২০২৬-এর আর্জিতে সংবাদে বর্ণনাকৃত কোনো বক্তব্যের ভিত্তি নেই। সেখানে শতাধিক পরিবার নয়, মাত্র ২৫-৩০টি পরিবার ও একটি নির্মাণাধীন ভবন রয়েছে। আমরা চলাচলের পথ বন্ধ করিনি; বরং দলিলের ৬ ফুট প্রশস্ত ও ১৪৪ ফুট দীর্ঘ ২ শতক চলাচল পথ সম্পূর্ণ উন্মুক্ত রেখেই আমাদের অংশে প্রোফাইল টিন ও এঙ্গেল দিয়ে সীমানা পার্টিশন দিয়েছিলাম। প্রতিপক্ষের লোকজন সন্ত্রাসী নিয়ে এসে আমাদের সীমানা পার্টিশন ভেঙে গুঁড়িয়ে দেয় এবং মালামাল লুট করে নিয়ে যায়।. নালিশী ভূমির বৈধ মালিক ইঞ্জিনিয়ার এ.বি. সিদ্দিকী। বি.এস ১০৭৮৪ দাগসহ অন্যান্য দাগে আমাদের ক্রয় দলিল, খতিয়ান ও নিয়মিত হালসন পর্যন্ত পরিশোধিত খাজনা রয়েছে। পক্ষান্তরে প্রতিপক্ষ জসিম উদ্দিন মাত্র ০.৬৪ শতক জমির খতিয়ান দেখাতে পেরেছেন। তারা ২ শতকের স্থলে জোরপূর্বক সাড়ে ৫ শতক জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।
প্রতিপক্ষরা নিজেদের জবরদখলের চেষ্টা ঢাকতে প্রতিবেদককে মিথ্যা তথ্য দিয়েছেন। আমি এই অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মো. নওশের আলী খান
ম্যানেজার, ইঞ্জিনিয়ার এ.বি. সিদ্দিকী’র প্রতিষ্ঠান, চট্টগ্রাম।