কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
নবান্ন উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে বসেছে ঐতিহ্যবাহী বড় মাছের বাজার। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই বাজারে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ নিয়ে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এসব মাছের মধ্যে ২৫ কেজি ওজনের একটি বিশাল কাতল ক্রেতা ও দর্শনার্থীদের বিশেষ আকর্ষণে পরিণত হয়। মাছটির দাম হাঁকা হয় ৪০ হাজার টাকা। পরে একজন ক্রেতা মাছটি কিনে নিলেও শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয়েছে, তা জানা যায়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে নবান্ন উৎসব উপলক্ষে পাঁচশিরা বাজারে বড় মাছের এ বিশেষ আয়োজন হয়ে আসছে। নতুন ধান ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করতে এ সময় আত্মীয়স্বজন, বিশেষ করে মেয়ে-জামাইরা বেড়াতে আসেন শ্বশুরবাড়িতে। তাঁদের আপ্যায়নে পরিবারের সদস্যরা বড় মাছ কেনার চেষ্টা করেন। ফলে প্রতিবছর নবান্নের এ সময়ে বাজারে বড় মাছের চাহিদা ও বেচাকেনা বেড়ে যায়।
বাজারে মাছ কিনতে আসা এক ক্রেতা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য হিসেবে এ মাছের বাজার চলে আসছে। নবান্ন উপলক্ষে আত্মীয়স্বজন ও জামাইরা শ্বশুরবাড়িতে বেড়াতে এলে তাঁদের আপ্যায়নে বড় মাছ কেনার ধুম পড়ে। এ ঐতিহ্যের কারণেই প্রতিবছর এ বাজার ঘিরে মানুষের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কালাই উপজেলার ঐতিহ্যবাহী বেগুনগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবান্ন উৎসব। হযরত খাজা শাহ মাওলানা মো. আব্দুল গফুর চিশতিয়া পীরের আস্তানাকে কেন্দ্র করে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের অন্যতম আকর্ষণ নতুন ধানের চাল, দুধ, গুড় ও নারিকেল দিয়ে তৈরি বিশেষ ক্ষীর। এ আয়োজনকে ঘিরে দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজন, মেয়ে ও জামাইদের আগমন ঘটে। তাঁদের পদচারণায় পুরো গ্রাম হয়ে ওঠে উৎসবমুখর।
গ্রামবাংলার কৃষিনির্ভর জীবন, নতুন ফসল ঘরে তোলার আনন্দ এবং পারিবারিক ও সামাজিক বন্ধনের এক অনন্য প্রকাশ এ নবান্ন উৎসব। সময়ের পরিবর্তনের সঙ্গে গ্রামীণ জীবনে নানা পরিবর্তন এলেও কালাইয়ের মানুষের কাছে এ উৎসবের আবেদন ও ঐতিহ্য এখনো অমলিন।