সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের একটি বসতবাড়িতে গভীর রাতে আগুন লাগার ঘটনায় আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম আমিলাইশ এলাকার তেতুলতলা দক্ষিণ পাড়ায় ছিদ্দিকের বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে থাকা টিনশেড ঘরে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির মালিক নুরুন্নাহার বেগম রাতে মেয়েকে নিয়ে বাইরে বের হলে আগুন দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও ঘরটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী নাছিমা আক্তার বলেন, “রাতের অন্ধকারে আগুন জ্বলতে দেখেছি। তবে কীভাবে আগুন লেগেছে, তা বলতে পারছি না।”
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের ভাই আলী আহমদ জানান, আগুনের কারণ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কেউ আগুন দিয়েছে কি না, সে বিষয়েও তারা নিশ্চিত নন।
এলাকার মাতব্বর আবু তালেব বলেন, “রাতে আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।”
ঘটনার বিষয়ে বাড়ির মালিক ছিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আমিলাইশ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হাছিনা সরওয়ার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয় কেউ নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
স্থানীয়দের ধারণা, বিষয়টি তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন করা প্রয়োজন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।