আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি (সিকিউরিটি) ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মিলনায়তন থেকে ভার্চুয়ালি আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় শিক্ষামন্ত্রী আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বিশেষভাবে নির্দেশ দেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে, যাতে পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক নজরদারি বজায় থাকে এবং কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ না থাকে।
সভায় রাজশাহী জেলা প্রশাসক কাশী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলায় মোট ২০৮টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।
শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, প্রয়োজনীয় নিরাপত্তা ও তদারকির মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা স্বচ্ছ, নিরপেক্ষ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।