ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
একুশে সংবাদ ডেস্ক
/ ৮১
Time View
Update :
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Share
জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত দুদিনব্যাপী শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন
নিজস্ব প্রতিবেদক
দলের নেতাকর্মীদের ব্যক্তিগত জীবন, পরিবার, পেশা ও সাংগঠনিক দায়িত্বের মধ্যে সমন্বয় ও ভারসাম্য বজায় রেখে চলার ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
তিনি বলেছেন, একটি দায়িত্বকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অন্য দায়িত্ব অবহেলা করা দায়িত্বশীলতার পরিচয় নয়। আল্লাহর দেওয়া প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালন করাই একজন মুমিনের কর্তব্য।
শনিবার (২২ আগস্ট) জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত দুদিনব্যাপী শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, একজন দায়িত্বশীলের প্রথম কাজ হলো নিজের সময়, কর্মপরিকল্পনা ও কাজের অগ্রাধিকার সঠিকভাবে নির্ধারণ করা। ব্যক্তিগত ইবাদত, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রাপ্য অধিকারও যথাযথভাবে আদায় করতে হবে।
তিনি বলেন, পরিবারকে সময় না দিয়ে শুধু সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকা যেমন সঠিক নয়, তেমনি পারিবারিক ব্যস্ততাকে অজুহাত হিসেবে দেখিয়ে সাংগঠনিক দায়িত্বে অবহেলা করাও কাম্য নয়। সব দায়িত্বের মধ্যে যথাযথ সমন্বয় রেখেই এগিয়ে যেতে হবে।
পেশাগত দায়িত্বকে আমানত উল্লেখ করে তিনি বলেন, কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা, দক্ষতা ও সময়ানুবর্তিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পেশাগত দায়িত্বে অবহেলা করে সাংগঠনিক কাজ করাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সুনির্দিষ্ট পরিকল্পনা, কর্মবণ্টন, সময় ব্যবস্থাপনা, তদারকি ও নিয়মিত পর্যালোচনার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, সব কাজ নিজে করার মানসিকতা পরিহার করে যোগ্যতার ভিত্তিতে অন্যদের মধ্যে দায়িত্ব বণ্টনের সক্ষমতা গড়ে তুলতে হবে।
পরিবারকে একজন দায়িত্বশীল ব্যক্তির শক্তির অন্যতম উৎস হিসেবে উল্লেখ করে সাইফুল আলম খান মিলন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর আচরণ, তাদের প্রয়োজন বোঝা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে সুস্থ পারিবারিক পরিবেশ গড়ে তুলতে হবে। পরিবারে শান্তি ও শৃঙ্খলা থাকলে সমাজ ও সংগঠনের কাজেও একজন ব্যক্তি আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
দায়িত্ব পালনে আত্মসমালোচনা ও নিয়মিত মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিদিন অথবা সপ্তাহভিত্তিক নিজের কাজের হিসাব নিতে হবে। কোথায় সফলতা এসেছে, কোথায় ঘাটতি রয়েছে এবং কীভাবে তা সংশোধন করা যায়—এসব বিষয় চিহ্নিত করতে হবে। নিয়মিত আত্মমূল্যায়নের মাধ্যমে কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের মধ্যে আরও কার্যকর সমন্বয় তৈরি করা সম্ভব।
তিনি বলেন, দায়িত্বশীলদের লক্ষ্য শুধু সাংগঠনিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানো নয়; উত্তম চরিত্র, দায়িত্বশীলতা, আমানতদারি ও মানুষের কল্যাণে কাজের মাধ্যমে নিজেদের আদর্শ মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।
সাইফুল আলম খান মিলন বলেন, ব্যক্তি জীবনে আদর্শবান, পরিবারে দায়িত্বশীল, পেশাগত জীবনে সৎ ও দক্ষ এবং সংগঠনের কাজে সক্রিয়—এই চারটি গুণের সমন্বয় ঘটাতে পারলেই একজন দায়িত্বশীল ব্যক্তি প্রকৃত অর্থে সফল হতে পারবেন।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের সেক্রেটারি মঞ্জরুল ইসলাম ভূইয়া সংগঠন পরিচালনায় পরিকল্পনা প্রণয়ন, যথাযথ কর্মবণ্টন, সুষ্ঠু বাস্তবায়ন ও কার্যক্রমের নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।