দলীয় প্রার্থীর বিরোধিতা করলে আজীবন বহিষ্কার
বাগেরহাট প্রতিনিধি:
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপির জন্য ‘টেস্ট ম্যাচ’ হিসেবে নেওয়া হচ্ছে। এ নির্বাচনে দলের প্রার্থীর বিরোধিতা করলে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।
আজ বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। সভা সঞ্চালনা করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
আইনমন্ত্রী বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচন আপনাদের জন্য টেস্ট ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। এখানেও যদি দলের প্রার্থীর বিপক্ষে বিরোধিতা করেন, তবে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। দলের সঙ্গে, আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ কখনো জয়ী হতে পারেনি—এটা আপনাদের মাথায় রাখতে হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখানে যারা উপস্থিত রয়েছেন, তাদের মধ্যে অনেকেরই সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রয়েছে। একইভাবে মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও অনেকের রয়েছে।
তবে প্রত্যেকটি পদে একজন করেই প্রার্থী হতে পারবেন উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, “যাকে মনোনয়ন দিলে দলের পক্ষে রায় আনা সম্ভব হবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে।”
তিনি নেতাকর্মীদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানান।