
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। একইসঙ্গে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান জরুরি।
সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারসহ গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি সুশৃঙ্খল নিয়মের আওতায় আনা প্রয়োজন। তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে বিশ্বের সকল দেশের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন।
জহির উদ্দিন স্বপন মার্কিন রাষ্ট্রদূতকে জানান, সরকার গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। এসব বৈঠক থেকে প্রাপ্ত মতামত পর্যালোচনা করে একটি কার্যকর কর্মপরিকল্পনা বা ‘রোডম্যাপ’ প্রণয়ন করা হবে। এ ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের কারিগরি ও পেশাগত সহযোগিতা কামনা করেন।
এসময় মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিশেষায়িত ক্যাটাগরিতে নিয়মিত বৃত্তি প্রদান করে থাকে। এতে বাংলাদেশের তরুণ সমাজ ও পেশাজীবীরা উপকৃত হতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে তথ্যমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা জানান, এ ঘটনায় অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
বৈঠকে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক একুশে সংবাদ বিডি 





















