আন্তর্জাতিক ডেস্ক:
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই রাজনীতির ময়দানে চমক দেখিয়েছে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। প্রাথমিক গণনার ফলাফলে দলটি একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে থাকায় রাজ্যজুড়ে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ।
ছেলের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজয়ের বাবা ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এস এ চন্দ্রশেখর। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ভীষণ গর্বিত ও আনন্দিত। গত দুই বছরে তার আত্মবিশ্বাস আমি কাছ থেকে দেখেছি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে সে শুরু থেকেই দৃঢ় ছিল।”
তিনি আরও বলেন, বড় কোনো রাজনৈতিক জোট ছাড়াই এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ছিল সাহসী এবং তা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিজয়ের মা শোভা চন্দ্রশেখরও ছেলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।
এদিকে ফলাফলের প্রবণতা প্রকাশের পর থেকেই চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের সামনে ভক্তদের ভিড় জমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সময়ে তার বাসভবনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকা নানি ও ভেঙ্কট প্রভুসহ অনেকে বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম ও ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থালাপতি বিজয় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন। এই ফলাফল দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।