প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি বেকারত্ব নয়, কর্মসংস্থান সৃষ্টির রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।
সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “বিএনপি বেকার নয়, কর্মসংস্থান তৈরির সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই বিদেশে কর্মী পাঠানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। এছাড়া তৈরি পোশাক শিল্পে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের সুযোগও সৃষ্টি করা হয়েছিল।”
তিনি বলেন, বর্তমান সরকারও কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হকারদের পুনর্বাসনের কথা বলেছেন। পাশাপাশি অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারকে সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে।
দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। একটি মহল উসকানি দিয়ে সমাজে ‘মব কালচার’ সৃষ্টি করার চেষ্টা করছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।
মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের অনলাইন কর্মীরা বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, অতীতে যেসব রাজনৈতিক সংকট দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, সেসব থেকে শিক্ষা নিয়ে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে সংযম ও সতর্কতার সঙ্গে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।