১২টি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়ে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
আইভী বলেন, “বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক।” তিনি কারাগারে থাকা অন্য বন্দিদের প্রসঙ্গ তুলে বলেন, “জেলে আমার মতো অনেক মা রয়েছেন। এর মধ্যে যারা নিরপরাধ, তাদের প্রতি সরকার সদয় হবে বলে আশা করি।”
আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার।
আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মোট ১২টি মামলা চলমান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে এসব মামলা দায়ের করা হয়।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হলে ১৭ মে আপিল বিভাগের চেম্বার আদালত তাতে ‘নো অর্ডার’ দেন। এর আগে পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগে বহাল থাকে।
সব মিলিয়ে ১২টি মামলায় জামিন বহাল থাকার পর সংশ্লিষ্ট আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেনসহ কয়েকজন আইনজীবী ও স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।