জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সব রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল। তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে বিচার, সুশাসন, আইনশৃঙ্খলা এবং জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন।
শনিবার (১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে আয়োজিত ‘সম্প্রীতির জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন, বিচার প্রক্রিয়ায় অঙ্গীকার, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিত, তাহলে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে তারা প্রস্তুত ছিলেন। তিনি বলেন, এখনও দেশের স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য সফল করতে জাতীয় ঐক্যের প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি।”
বাংলাদেশকে বহু সংস্কৃতি, বহু ভাষা ও বহু জাতিসত্তার রাষ্ট্র হিসেবে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, পাহাড় ও সমতলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়কে নিয়েই বাংলাদেশের ঐতিহ্য গড়ে উঠেছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধারণ করেই ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত সংস্কার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে নয়; বরং রাষ্ট্র ও জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্য। স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সাম্প্রদায়িক হামলাসহ সব ধরনের অপরাধের বিচার নিশ্চিত হবে এবং এর সুফল দেশের সব নাগরিকই পাবেন।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে সংঘটিত গুম, খুন ও সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে হবে। এসব ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।