নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, টেলিভিশনের টকশোতে বিরোধী দল নিয়ে যত বেশি কটূক্তি ও নেতিবাচক মন্তব্য করা হয়, সরকারি দপ্তরে তত বেশি প্রমোশন দেওয়া হয়।
সোমবার রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সমসাময়িক জাতীয় পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, সরকার বর্তমানে সংবিধান সংশোধনের বিষয় নিয়ে ব্যস্ত থাকলেও বিরোধী দল দমনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। তাঁর দাবি, টকশোতে বিরোধী দল নিয়ে কটূক্তি করাকে সরকারি পদোন্নতির সঙ্গে যুক্ত করা হচ্ছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, সরকারের দুর্নীতি, চাঁদাবাজি ও অব্যবস্থাপনার কারণে দেশে দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ করেছে। এর ফলে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপে দুর্ভোগ পোহাচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, মহেশখালীর এলএনজি অবকাঠামো প্রকল্পে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই বর্তমানে দেশে গ্যাস সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। পাশাপাশি ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দুই দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং অনেক গ্রাহক ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।