আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার প্রতি সবাইকে শতভাগ অনুগত থাকতে হবে। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনের সময় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো নেতা বা কর্মী পৃথক অবস্থান নিলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলের প্রার্থী ও নির্বাচনী কৌশল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত বলে নেতাকর্মীদের জানানো হয়েছে।
এর আগে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, সুদৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বিশেষ সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান, নেতাকর্মীদের মধ্যে সমন্বয়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত ও সক্রিয় করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে এ ধরনের বৈঠক করছেন তারেক রহমান।
বিএনপি নেতৃত্বের এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর করার পাশাপাশি নির্বাচনের আগে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি দলীয় শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ ও সাংগঠনিক ঐক্যকে আরও জোরালো করার ইঙ্গিত দিচ্ছে।