ভোলা প্রতিনিধি
অনিয়ম ও দুর্নীতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে এবং ক্ষমতায় এসে দেশের কোষাগার লুট করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও এর সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘ক্ষমতায় এসে তারা বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে। যা কিছু বিদেশি সাহায্য এসেছে, সবকিছু তারা চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ ব্যাংক, সেই ব্যাংকের রিজার্ভ থেকে পর্যন্ত টাকা চুরি করে তারা ফিলিপাইন নিয়ে গেছে।’
তিনি বলেন, ফিলিপাইনে রিজার্ভ চুরির ঘটনায় যারা জড়িত ছিল, তাদের অনেকে বর্তমানে কারাগারে রয়েছেন। কিন্তু বাংলাদেশে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের কারও বিচার হয়নি বলে তিনি অভিযোগ করেন।
দেশের দুর্নীতির প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর।’ ঘুষ, লুটপাট ও অনিয়মের কারণে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে অন্যায় ও অপরাধের বিচার হয়; কিন্তু বাংলাদেশে মানুষ বছরের পর বছর বিচার চেয়েও অনেক অপরাধের বিচার পায় না।
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ তুলে স্পিকার বলেন, আওয়ামী লীগ আমলের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের লন্ডনে ৩৬০টি বাড়ি পাওয়া গেছে বলে তিনি দাবি করেন। এ ছাড়া দুবাই ও যুক্তরাষ্ট্রেও তার সম্পদ রয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, এসব সম্পদ বাংলাদেশের জনগণের অর্থ লুট করে বিদেশে নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।
প্রশাসনে এখনো আওয়ামী লীগ সরকারের সময়ের অনেক কর্মকর্তা রয়েছেন দাবি করে তিনি বলেন, এ কারণে দেশের অনিয়ম ও দুর্নীতির প্রকৃত চিত্র এখনো জনগণের সামনে পুরোপুরি উঠে আসছে না।
প্রতিবেশী ভারতের সমালোচনা করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ ভালো থাকুক, সেটা প্রতিবেশী রাষ্ট্র চায় না।’
তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। তার দাবি, আওয়ামী লীগ সরকার ১৬-১৭ বছর দেশের মানুষের স্বার্থের পরিবর্তে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে এবং এ সময়ে বেশ কিছু অসম চুক্তি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরে ভারতীয় পণ্যবাহী জাহাজকে অগ্রাধিকার দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এর ফলে বাংলাদেশের জাহাজ ও আমদানিকারকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ভারতীয় পণ্য বাংলাদেশের ভূখণ্ড দিয়ে পরিবহনের ক্ষেত্রে যথাযথ শুল্ক আদায় করা হয় না বলেও অভিযোগ করেন স্পিকার। তিনি বলেন, অনেক ক্ষেত্রে বিনা শুল্কে কিংবা নামমাত্র শুল্কে পণ্য পরিবহন করা হচ্ছে, যা বাংলাদেশের ব্যবসায়ী ও জনগণের স্বার্থের পরিপন্থী।
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন স্পিকার। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে প্রায়ই মানুষ হত্যার ঘটনা ঘটছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত থাকা সত্ত্বেও সেখানে একই ধরনের পরিস্থিতি দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদের সঞ্চালনায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারসহ অনেকে।