নিজস্ব প্রতিবেদক
১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিছিল বা কর্মসূচি পালন করে না—বিএনপির এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে এবং গতকালও দুটি মিছিল হয়েছে বলে তিনি দাবি করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর নেভিগলিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তো বলছি আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার। ১১ দলীয় জোট শুরু থেকেই এই অবস্থান নিয়ে কথা বলে আসছে।’
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের ঘটনার বিচার এবং সংস্কার—এই তিন দাবিতে তারা রাজপথে আন্দোলন করছেন। সরকার এসব দাবি মেনে নিলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটবে না বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, ১১ দলীয় জোটের দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বাদ দেওয়ার পথ তৈরি হবে বলে তারা মনে করেন। তাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে দলটির নেতাকর্মীদের নাশকতা চালানোর সুযোগও থাকবে না।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিলটি পরীবাগ এলাকার দিকে যায় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বিশ্ববাজারে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেও তা মোকাবিলায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সরকারের পদত্যাগের দাবিও তুলে ধরেন।