নিজস্ব প্রতিবেদক:
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠপর্যায়ের সব উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে পূর্বের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, ইস্যুকরণ ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিটি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন অফিসারকে পাঠানো হয়েছে। এতে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন গ্রহণ করে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
এর ফলে আবাসস্থল পরিবর্তনের কারণে যেসব ভোটারকে নতুন এলাকায় ভোটার হতে স্থানান্তরের প্রয়োজন, তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন।