বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৭ নভেম্বর) নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অসচ্ছল ও দুস্থ ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা, ঢেউটিন এবং কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “৭ নভেম্বর জাতির এক ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে একটি বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকে।”
তিনি আরও যোগ করেন, “তিনি (জিয়াউর রহমান) শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেননি, মহান মুক্তিযুদ্ধে ‘জেড ফোর্স’-এর নেতৃত্ব দিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে দেশের ক্রান্তিলগ্নে দায়িত্বভার গ্রহণ করে জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী উপজেলার অসচ্ছল ও দুস্থ পরিবার এবং কর্মজীবী নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করেন:
মানবিক সহায়তা: ৯০ জন অসচ্ছল ও দুস্থ ব্যক্তির প্রতিজনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
গৃহনির্মাণ ও ঢেউটিন: ৫৬ জন উপকারভোগীর প্রত্যেককে ২ বান্ডিল করে ঢেউটিন এবং গৃহনির্মাণের জন্য নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়।
আত্মকর্মসংস্থান: ২০০ জন কর্মজীবী নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বেলাবো উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বেলাবো উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।