• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বললেন জামায়াত আমির ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবর, আজ মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয়– লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ

জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ

একুশে সংবাদ ডেস্ক / ২৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

প্রত্যর্পণ প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে ভ্রমণনিষেধাজ্ঞা, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেক :

ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিন পেলেও আপাতত দেশটি ত্যাগ করতে পারবেন না। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণসংক্রান্ত বিচারিক প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ওপর ভ্রমণনিষেধাজ্ঞা বহাল থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীনে গৃহীত একটি প্রস্তাবের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের গত অধিবেশনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সরাসরি জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে, বেনজীর আহমেদ আদালত থেকে জামিনে মুক্তি পেলেও তার ওপর ভ্রমণনিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে প্রত্যর্পণসংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি আমিরাতের বাইরে যেতে পারবেন না।

প্রত্যর্পণ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তদন্তকারী সংস্থার আবেদনের পর প্রয়োজনীয় তথ্য ও নথি যাচাই করে ইন্টারপোল গত বছরের ১১ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১২ জুন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি), আবুধাবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায়, বেনজীর আহমেদ সে দেশে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনতে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর আহ্বান জানানো হয়।

তিনি বলেন, বাংলাদেশ সরকার দ্রুততার সঙ্গে মাত্র চার দিনের মধ্যে প্রয়োজনীয় প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। পরবর্তী সময়ে আমিরাত কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী অতিরিক্ত তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্রও সরবরাহ করা হয়েছে।

দুবাইয়ের আদালত থেকে বেনজীর আহমেদের জামিন পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামিন পাওয়া মানেই প্রত্যর্পণ প্রক্রিয়ার সমাপ্তি নয়। প্রত্যর্পণ কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়; এটি সংশ্লিষ্ট দেশের বিচারিক ব্যবস্থা ও সার্বভৌম আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। স্থানীয় আদালত ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা এবং উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশ যথাসময়ে প্রয়োজনীয় সব নথি পাঠিয়েছে, সেখানে স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছে। তাই এ ঘটনাকে সরকারের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা হিসেবে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট দেশের সার্বভৌম আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক, আইনি ও পুলিশি পদক্ষেপ অব্যাহত রয়েছে।

এদিকে বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক একটি মামলার বিষয়েও সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা অবৈধ সম্পদের সন্ধান, অবরুদ্ধকরণ ও বাজেয়াপ্তের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোতে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (এমএলএআর) পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র পাওয়া গেলে আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় এসব সম্পদ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category