তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে শুরু হওয়া বৈঠকটি রাত পৌনে ৮টায় শেষ হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ শুরু হওয়ার আগের দিন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে কপ-৩১ সম্মেলনের পাশাপাশি তুরস্কের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।