• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী গোপালগঞ্জ-ভাঙ্গাসহ কয়েকটি এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন জামায়াতের

গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত

অস্ত্রধারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্তের উদ্যোগ, বলপ্রয়োগে পুলিশকে সংযত থাকার নির্দেশ; গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না এবং অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সরকার দেশে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা সহ্য করবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এর মধ্যে নৃশংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, গতকাল থেকে সেখানে যৌথবাহিনী মোতায়েন রয়েছে। ভিডিও ফুটেজে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে এবং বিচারের আওতায় আনা হবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্কতা ও সংযম বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, পুলিশের বলপ্রয়োগের আইনগত অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার সে ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

জাহেদ উর রহমান বলেন, যতটুকু প্রয়োজন, তার বেশি বলপ্রয়োগ করা উচিত নয়। পুলিশকে পরিস্থিতি বিবেচনায় আনুপাতিক ও প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করে দায়িত্ব পালন করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা বিভিন্ন কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে বলে সরকার মনে করছে না। সারাদেশেও বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই। এর আগেও দলটির কর্মসূচি ছিল এবং সে বিষয়ে সরকারের অবস্থান জানানো হয়েছে।

গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রত্যাহার মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, এমন নয়। বরং কোনো ধরনের ব্যর্থতা থাকলে তা স্বীকার করে দায়িত্ব পালনে আরও সক্ষম কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ একটি অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন কৌশল গ্রহণ করতে হবে, যাতে সবচেয়ে কম বলপ্রয়োগ এবং সবচেয়ে কম হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ। পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে বলে তিনি দাবি করেন। এমনকি সরকারের সমালোচকরাও এ পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে উল্লেখ করেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের নজরদারি কীভাবে পরিচালিত হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।

তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিংবা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ছিলেন। তবে সেটি নিজে কোনো সমস্যা নয়। কারণ, তারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হলে তা অত্যন্ত উদ্বেগজনক।

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে। প্রয়োজন হলে প্রকৃত তথ্য সংগ্রহের সক্ষমতাও সরকারের রয়েছে।

গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন

গোপালগঞ্জের সহিংসতা ছাড়াও গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের পক্ষ থেকে কী চাওয়া হচ্ছে এবং কীভাবে তা চাওয়া হচ্ছে, সে বিষয়গুলো যথাসময়ে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সে ধরনের কোনো সম্ভাবনা নেই। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে। গঙ্গা চুক্তির ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান যথাসময়ে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category