নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এসব ঘটনায় একজনের মৃত্যুসহ ১১ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
নাশকতা ও আইনি পদক্ষেপের চিত্র তথ্য উপদেষ্টা জানান, ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সংঘটিত নাশকতার ঘটনাগুলোর মধ্যে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা রয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল সংক্রান্ত ৭২টি ঘটনায় ২২টি মামলা ও ৫টি জিডি হয়েছে; গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন। উপদেষ্টা স্পষ্ট করেন, দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় এসব মিছিল সম্পূর্ণ বেআইনি, তাই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে।
ব্রিফিংয়ে তুলে ধরা অন্যান্য হামলার পরিসংখ্যানের মধ্যে রয়েছে:
পুলিশের ওপর হামলা: পুলিশের স্থাপনায় ৪টি হামলা, ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ৪টি ককটেল নিক্ষেপের ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে ১টি মামলা ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকে হামলা: পুলিশের তথ্য অনুযায়ী গ্রামীণ ব্যাংকের শাখায় ৩৪টি নাশকতার (২৫টি বিস্ফোরণ ও ২৩টি অগ্নিসংযোগ) ঘটনায় ৮টি মামলা, ১৯টি জিডি ও ৮ জন গ্রেপ্তার হয়েছেন। তবে গণমাধ্যমের তথ্যমতে এ সংখ্যা ৭২টি এবং সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি শাখায় হামলার দাবি করেছেন।
জুলাই স্মৃতিস্তম্ভ ও রাজনৈতিক হামলা: জুলাই স্মৃতিস্তম্ভে ২টি হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ২টি মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, বিএনপির কর্মসূচিতে হামলায় এ পর্যন্ত দলটির ৪ জন নেতাকর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে সংসদ সদস্যসহ নেতাকর্মীদের বাড়ির পাশাপাশি একটি হাসপাতালেও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান উপদেষ্টা।
শেখ হাসিনার প্রত্যর্পণ ও সীমান্ত সতর্কতা গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা দেশে আসবেন কি না—এ নিয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই, আলোচনা হচ্ছে ভারতের সঙ্গে। তিনি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। যেহেতু তিনি নিজেই দেশে ফিরতে চাইছেন এবং বাংলাদেশও তার প্রত্যর্পণ চাইছে, তাই এখানে আর কোনো আইনি জটিলতার প্রশ্ন থাকার কথা নয়।’
ডিসেম্বরকে কেন্দ্র করে পলাতক নেতাকর্মীদের দেশে ফেরার আলোচনার প্রেক্ষিতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
গঙ্গার পানি বণ্টন চুক্তি ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা জানান, চুক্তি নবায়ন বা পরবর্তী করণীয় নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে। বাংলাদেশ ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং ভারতকেও কমিটি গঠন করে প্রথম বৈঠকের অনুরোধ জানিয়ে গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী ভারতের জলশক্তি মন্ত্রীকে চিঠি দিয়েছেন।
সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার ও ফৌজদারী ব্যবস্থা নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে হিন্দু সম্প্রদায়ের বড় কোনো বসতিই নেই। ভারতের মূলধারার গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ‘ডিসইনফরমেশন ক্যাম্পেইন’ চালাচ্ছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। তবে নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের কিছু বাড়িঘরে হামলা এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে চারটি হিন্দু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনা স্বীকার করে তিনি জানান, প্রতিটি ফৌজদারী অপরাধের বিরুদ্ধেই মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।