কালাই (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের কালাইয়ে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় নাহিদ চৌধুরী (৪২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালাই পৌর আওয়ামী লীগের সদস্য।
গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার বেলা ১১টার দিকে পুলিশি পাহারায় তাকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার নাহিদ চৌধুরী কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। তিনি স্থানীয় পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও নাশকতাসংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নাহিদ চৌধুরীর নাম উঠে আসে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক দ্রব্য ও নাশকতার মামলায় নাহিদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।