• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
বাজিতপুরে সংঘর্ষের অবসান, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান; নিরপেক্ষ তদন্তের দাবি প্রসাধনীতে পশুর চর্বি! ব্যবহারের আগে জেনে নিন শরিয়তের বিধান : নিত্যব্যবহার্য রিজিকের স্তর কয়টি ও কী কী : প্র্যাকটিসিং মুসলিম পোশাকে বিতর্কে : দীপিকা জেমসসহ গাইবেন যারা, গানের তালে মাতবে নগর নিউজিল্যান্ডের নির্বাচন : প্রচারণার শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে  তুরস্কের সাবেক মন্ত্রী গ্রেফতার : বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তে  হরমুজ প্রণালীতে তেলবাহী দু’টি ট্যাংকারে আগুন, দাবি ইরানের ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরে ফুটবল বিশ্বের শ্রদ্ধা ও শুভেচ্ছা হাসান ঘরের মাঠে পাঁচ উইকেট পেয়ে আনন্দিত 

ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরে ফুটবল বিশ্বের শ্রদ্ধা ও শুভেচ্ছা

খেলাধুলা ডেস্ক / ৯ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের ঘোষণায় শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, পর্তুগালের তারকা খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেজ, ডিয়োগো দালোত ও পেপে, কোচ হোর্হে জেসুস, দেশটির ফুটবল ফেডারেশন এবং রোনালদোর বর্তমান ও সাবেক ক্লাবগুলো।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় পর্তুগাল জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানান অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

২০০৩ সালের আগস্টে কাজাখস্তানের বিপক্ষে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনালদোর। এরপর তিনি ক্রমেই নিজেকে আন্তর্জাতিক ফুটবলে অপরিহার্য্য করে তুলেন।

এক বার্তায় রোনালদোকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, “মাঠে তাঁর প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি গুরুত্বপূর্ণ গোল এবং সম্মানের সঙ্গে পরা প্রতিটি অধিনায়কের আর্মব্যান্ড আমাদের জার্সির প্রতি তাঁর নি:শর্ত ভালোবাসার প্রতিফলন। তাঁর নিবেদন ও উত্তরাধিকার মাঠের চার সীমানার বাইরেও বিস্তৃত।”

বিবৃতিতে আরও বলা হয়, “রোনালদো পর্তুগালের পরিচিতি বিশ্বজুড়ে বাড়িয়েছেন এবং তাঁর পদাঙ্ক অনুসরণের স্বপ্ন দেখা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। আমাদের অনেকের কাছেই তিনি সর্বকালের সেরা খেলোয়াড়!”

রোনালদোর বর্তমান ক্লাব আল-নাসরও আবেগঘন বার্তায় তাঁকে শ্রদ্ধা জানিয়েছে।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়, “এটি শুধু একটি অধ্যায় নয়- আপনি নিজেই ইতিহাস রচনা করেছেন। আপনি শুধু পর্তুগালের নন, পুরো বিশ্বের আইকন। পর্তুগাল আপনার হৃদয়ে, আর আপনি বিশ্বের মানুষের হৃদয়ে। একটি পাতা উল্টেছে, তবে আপনার ঘর আল-নাসরের হয়ে একসঙ্গে লেখার মতো আরও ইতিহাস বাকি রয়েছে।”

রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও তাঁর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানিয়েছে।

এক্সে দেওয়া পোস্টে ক্লাবটি লিখেছে, “অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।”

রোনালদোর প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনোও।

তিনি বলেন, “ক্রিস্টিয়ানোর মতো খুব কম খেলোয়াড়ই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয় স্পর্শ করতে পেরেছেন। অসাধারণ প্রতিভা, নিরলস সংকল্প এবং অসম্ভবকে সম্ভব করার সীমা অতিক্রমের অদম্য আকাঙ্খায় সমৃদ্ধ তাঁর ক্যারিয়ার।”

ইনফান্তিনো আরও বলেন, “ক্রিস্টিয়ানো এমন সব মাইলফলক অর্জন করেছেন, যা হয়তো আর কখনো কেউ ছুঁতে পারবে না। তবে তাঁর সবচেয়ে বড় উত্তরাধিকার রেকর্ড, ট্রফি ও গোলের অনেক ঊর্ধ্বে।”

“আমাদের প্রিয় খেলায় আবেগ, অবিস্মরণীয় মুহূর্ত এবং ‘সেলেসাও’ জার্সি গায়ে গর্বের সঙ্গে যে অসামান্য অবদান রেখেছেন, তার জন্য ধন্যবাদ, ক্রিস্টিয়ানো।”

“আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার চিরকাল ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।”

পর্তুগাল কোচ জেসুস রোনালদোকে দেশটির তরুণদের কাছে এক প্রতীক হিসেবে অভিহিত করেছেন।

ক্যানাল ১১-কে জেসুস বলেন, “এটি সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত। প্রথমবার দলে ডাক পাওয়ার আগেই এ বিষয়ে আমাদের কথা হয়েছিল। আমি তাঁকে থেকে যেতে বলেছিলাম, আমার সঙ্গে থাকার অনুরোধ করেছিলাম, কারণ তাঁকে আমার পাশে প্রয়োজন ছিল। তবে তাঁর সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হবে।”

তিনি আরও বলেন, “তিনি বিশ্বজুড়ে এক অনন্য দৃষ্টান্ত, পর্তুগালের জন্য দৃষ্টান্ত, জাতীয় দলের জন্যও এক দৃষ্টান্ত। এত বছর ধরে তিনি জাতীয় দলকে অনেক কিছু দিয়েছেন। তিনি পর্তুগালের তরুণদের কাছে এক প্রতীক। তাঁর অধিকাংশ ভক্তই তরুণ।”

“আল-নাসরে এক বছর তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছিল আমার। তাই তিনি সবসময় আমাদের জাতীয় দল, জনগণ ও ইতিহাসের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন।”

ইনস্টাগ্রামে রোনালদোর প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ।

তিনি লিখেছেন, “অনুপ্রেরণার জন্য ধন্যবাদ। শৈশবের নায়কের সঙ্গে জাতীয় দলের হয়ে দারুণ কিছু মুহূর্ত ভাগ করে নিতে পারা ছিল আমার জন্য বিশেষ সম্মানের।”

নিজের আদর্শ খেলোয়াড়ের জন্য দীর্ঘ বার্তা লিখেছেন দালোতও। জাতীয় দলের জন্য রোনালদোর অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

দালোত লিখেছেন, “তারা জানে না, স্বপ্নই জীবনের অবিচ্ছেদ্য অংশ।”

তিনি আরও লিখেছেন, “পর্তুগালের ইতিহাস বলে, আমরা এমন এক জাতি, যারা কখনো নিজেদের সীমাবদ্ধতা মেনে নেয়নি। অজানা সমুদ্র কিংবা ঝড়ের মুখোমুখি হতেও ভয় পাইনি। অর্জন, ত্যাগ, অশ্রু ও ঘামের মধ্য দিয়ে আমাদের গড়ে ওঠা। এমন সব স্বপ্ন, যা অসম্ভব মনে হয়, যতক্ষণ না কেউ সাহস করে সেগুলো বাস্তবে রূপ দেয়। আপনি সেটিই করেছেন। আপনি আমাদের বিশ্বাস করতে, স্বপ্ন দেখতে এবং তা অর্জন করতে শিখিয়েছেন!”

“আপনার উত্তরাধিকার শুধু ট্রফি কিংবা গোলের জন্য নয়, বরং আপনার পর যারা এসেছেন, তাঁদের জন্য তৈরি করে দেওয়া পথের কারণেও স্মরণীয় হয়ে থাকবে। দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আপনার আবেগ ও দৃঢ় সংকল্প আমি কখনো ভুলব না। এটি চিরকাল আমার হৃদয়ে থাকবে।”

“জাতীয় দলের জন্য আপনার সব অর্জনে আমি ভীষণ গর্বিত! ধন্যবাদ, আমার আদর্শ।”

পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের সাবেক সেন্টার-ব্যাক পেপেও নিজের স্বদেশি সতীর্থকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “এটি শুধু ফুটবল ছিল না। সবকিছুর জন্য ধন্যবাদ, ক্রিস।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category