নিজেস্ব প্রতিবেদক :
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড, হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যত অকার্যকর বলে মন্তব্য করেছেন তিনি। এ পরিস্থিতির দায় সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট জবাব দাবি করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। আর্মি গল্ফ ক্লাব, বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন এ ধরনের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
সীমান্ত ও পার্বত্য এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে অভিযান চালাতে গিয়ে সম্প্রতি একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। কয়েক দিন আগে সাজেক ভ্যালিকে কেন্দ্র করেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বিচ্ছিন্ন হামলার ঘটনাও সংসদে তুলে ধরেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, এতগুলো ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী কোথায় কাকে গ্রেপ্তার করেছে, তার কোনো তথ্য জনগণের সামনে নেই।
দেশে আইনশৃঙ্খলা রক্ষায় একাধিক বাহিনী নিয়োজিত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিজিবি, এসআরবি, এপিবিএন, নিয়মিত পুলিশ বাহিনী ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন পর্যায়ের বাহিনী দায়িত্ব পালন করছে। এরপরও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়ায় জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এটার। পুরো দায় নিতে হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমরা এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’
দেশে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তির আশঙ্কা নাকচ করে দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনও তাজা, আমাদের চোখের সামনে। এই ভাসমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আর সুযোগ করে দেওয়া যাবে না।’
সরকারের উপদেষ্টাদের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব কি না, তা নিয়ে সরকারের একেকজন উপদেষ্টা ভিন্ন সময়ে ভিন্ন বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য জাতির সামনে কী বার্তা দিচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।
গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের সদস্যদের নাজেহাল করতে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে। সংসদে একজন সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি গোয়েন্দা দপ্তর থেকে ওই সংসদ সদস্যকে ফোন করে জামায়াত ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
এ ঘটনাকে ধৃষ্টতা উল্লেখ করে জামায়াত আমির প্রশ্ন করেন, দেশ আবার সাড়ে ১৫ বছরের অন্ধকার সময়ে ফিরে যাচ্ছে কি না। তিনি বলেন, দেশের মানুষ আর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চায় না।
বক্তব্যের শেষ পর্যায়ে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুক, সেটিই তারা দেখতে চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা আন্তরিকতা ও সক্রিয়তার সঙ্গে বিবেচনা করা হবে।