ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরে বাসে আগুন ও চালকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
এদিকে, ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিলের ঘটনায় ২৯০ জনের নামে মামলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় পরিদর্শনকালে এসব কথা বলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো.মোস্তাফিজুর রহমান। এর আগে ভাঙ্গা থানা সহ আশপাশের কয়েক থানার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করেন তিনি।
পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন ডিআইজি মোস্তাফিজুর রহমান।
বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, শুধু ভাঙ্গাই নয় ফরিদপুর জেলাসহ আশপাশের কয়েকটি থানার আইন-শৃঙ্খলা সমন্বয়ে রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা এই জনপদে অশান্তি বিরাজের প্রক্রিয়ায় যারা আছে, তারা কখনো সফল হবে না। বিশৃঙ্খলা সৃষ্টি করে ইকোনমি ধ্বংস করা, সড়কের প্রাণচাঞ্চল্য নষ্ট করা এবং জনবিশৃঙ্খলা সৃষ্টি করা এসব প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। সব ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।
ডিআইজি বলেন, ভাঙ্গায় যারা মশাল মিছিল করেছে
এবং ফরিদপুরে বাসে আগুন দিয়ে নীরবে মানুষকে হত্যা করেছে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পৃথক ঘটনায় ফরিদপুরে ও ভাঙ্গায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া ভাঙ্গা এবং ফরিদপুর জেলাসহ আশপাশের কয়েক থানার ওসিদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ে সব সময় সতর্ক অবস্থায় মাঠে থাকবে।
ভাঙ্গা গোলচত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, বাসে আগুন দিয়ে যারা মানুষ হত্যা করেছে। তাদের আমরা শনাক্ত করেছি।
এ ঘটনায় ফরিদপুরে মামলা হয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে মিডিয়ার সামনে তুলে ধরব ও আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ।